২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিন পর খুললো প্রশিকা

বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার বর্তমান পরিচালনা পর্ষদ প্রধান কার্যালয়ের চাবি ফিরে পাওয়ার পর শনিবার স্বাভাবিক কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 10:18 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার বর্তমান পরিচালনা পর্ষদ প্রধান কার্যালয়ের চাবি ফিরে পাওয়ার পর শনিবার স্বাভাবিক কাজ শুরু করেছে। সকাল ৮টায় বর্তমান পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিমের উপস্থিতিতে প্রশিকার কর্মকর্তারা প্রধান কার্যালয়ে ঢোকেন। প্রশিকার পরিচালক সিরাজুল ইসলাম (মাইক্রো ফাইন্যান্স) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল আটটায় আমরা প্রধান কার্যালয়ে এসেছি। স্বাভাবিক কাজ চলছে। কোনো সমস্যায় পড়তে হয়নি।" শুক্রবার রাতে পুলিশ চাবি বুঝিয়ে দিয়েছে বলে জানান তিনি। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার রাতে বলেন, "উচ্চ আদালতের আদেশ অনুযায়ী প্রশিকার বর্তমান কমিটির কর্তকর্তাদের কাছে ভবনটির দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে একটি দরজায় আমাদের তালা লাগানো ছিলো। তার চাবি দিয়ে দেওয়া হয়েছে।" গত ১৯ জানুয়ারি উচ্চ আদালত এক রিট আবেদনের রায়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বর্তমান পরিচালনা পর্যদের কাছে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ প্রদান করে। আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে চাবি হস্তান্তর করতে বলা হয়। গত ১১ জানুয়ারি রাতে মিরপুর ২ নম্বরে প্রশিকা ভবনের দখল নেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ ও বতর্মান চেয়ারম্যান দাবিদার আব্দুল ওয়াদুদ ভূঁইয়া গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। গত বছরের মে মাসের দিকে সংস্থাটির প্রতিষ্ঠাতা কাজী ফারুক আহমেদকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয় পরিচালনা পর্ষদ। তবে পাল্টা একটি সভা করে কাজী ফারুক নিজেকে চেয়ারম্যান দাবি করেন। এ নিয়ে আদালতেও যান তিনি। এরপর থেকে দুই পক্ষের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৬১০ ঘ.