টঙ্গী (গাজীপুর), জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমায় আরো ছয় জন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে মৃতের সংখ্যা আট এ দাঁড়িয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক মালেকা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ১১টার মধ্যে ষাটোর্ধ্ব ওই ছয় জন মারা যায়।
এরা হলেন- ময়মনসিংহ শহরের হরেকৃষ্ণ রোডের বাসিন্দা মকবুল হোসেন (৬৫), মাসকান্দা এলাকার শামসুদ্দিন (৭০), বরিশাল সদরের পশ্চিম গোরস্থান রোডের রেজাউল করিম (৬০), কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬৫), রাজশাহীর পবা উপজেলার সারাংপুর এলাকার সাহের আলী মোল্লা (৮০) এবং বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার রইস উদ্দিন আকন্দ (৬৮)।
ইজতেমার আয়োজকরা জানান, ওই ছয়জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
লাশ ছয়টি তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের তুরাগ তীরে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। শুরুর দিনও দুজনের মৃত্যু হয়। রাতে শীতে অনেকে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা কেন্দ্রগুলোতে শনিবার বেশ ভিড় দেখা যায়।
রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে লাখো মুসলমানদের এ সম্মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24