আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
টঙ্গী (গাজীপুর), জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে বিশ্ব ইজতেমায় শনিবারও যোগ দিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। তবে রাতে শীতে অনেকে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা কেন্দ্রগুলোতে বেশ ভিড় দেখা যায়।
রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের তুরাগ তীরে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে লাখো মুসলমানদের এ সম্মিলন। তবে ইজতেমা কর্তৃপক্ষের আপত্তিতে এবার মোনাজাত টেলিভিশনে সরাসরি সমপ্রচার হবে না।
আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
শনিবার সকালে ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, এক দিন পরের মোনাজাতে শামিল হতে আগেভাগেই দলে দলে মানুষ ইজতেমা মাঠে আসছে। ধূলা-শীত-কুয়াশা উপেক্ষা করে রাতভর মুসল্লিরা তাবলিগ জামাতের নেতাদের ওয়াজ শুনেছেন।
ভারতের মাওলানা মোহাম্মদ জমশের ও বাংলাদেশের (কাকরাইলের) মাওলানা আব্দুল মতিন শনিবার বাদ ফজর বয়ান শুরু করেন।
তুরাগ তীরের প্রায় ১৬০ একর জমির ওপর নির্মিত চটের বিশাল প্যান্ডেল ইজতেমার শুরুর দিন দুপুরেই পূর্ণ হয়ে যায়। ফলে পরে যারা আসছেন, তাদের থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। অনেকে নিজ উদ্যোগে মাঠের আশে-পাশের খোলা জায়গায় পলিথিন, হোগলা পাটি টানিয়ে বয়ান শুনছেন।
কুয়াশা আর কনকনে শীতের কারণে প্যান্ডেলের বাইরে থাকা মুসল্লিদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়া নিয়ে অনেককে দেখা যায় চিকিৎসা কেন্দ্রগুলোতে।
র্যাবের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়রিয়া, সর্দি, কাশি ও আলসারের রোগীরাই মূলত কেন্দ্রে আসছেন।
একই কথা জানালেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রের চিকিৎসক পারভেজ হোসেনও।
ইজতেমা মাঠের উত্তরে মন্নু নগর এলাকায় অনেকগুলো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে।
যৌতুকবিহীন বিয়ে
প্রথা অনুযায়ী প্রতি বছরই বিশ্ব ইজতোমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এ বিয়েতে বর, বরের অভিভাবক এবং কনে ও তার অভিভাবকের সম্মতিতে বয়ান মঞ্চের পাশে এ গণবিয়ে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতা আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার শতাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিয়ের পর মঞ্চের আশ-পাশের মুসল্লিদের খেজুর ছিটিয়ে 'মিষ্টিমুখ' করানো হয়।
ভিআইপি প্রস্তুতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান মাঠের উত্তর পশ্চিম কোণায় বিদেশি নিবাসের সামনে মোনাজাত মঞ্চের পাশে বসে আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে আয়োজকরা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ব্যবস্থা করা হয়েছে বাটা জুতা কারখানা সংলগ্ন এলাকায়।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মোনাজাত করবেন এটলাস মটরস কারখানা ভবন এলাকায়।
এছাড়া মন্ত্রী, সাংসদসহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন ইজতেমাস্থলে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন।
গাড়ি চলাচল নিয়ন্ত্রণ
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আখেরি মোনাজাতের দিন রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীর আবদুল্লাহপুর থেকে কুড়িল প্রগতি সরণি পর্যন্ত এবং বিপরীত দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
তবে বিমানযাত্রী এবং বিমানের ক্রু বহনকারী যানবাহন, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি এর আওতামুক্ত থাকবে।
গাজীপুরের ট্রাফিক পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আশুলিয়ার দিকে থেকে রাজধানীমুখী গাড়িগুলোকে বিমানবন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক এবং ময়মনসিংহ থেকে গাড়িগুলোকে চান্দনা চৌরাস্তা হয়ে চন্দ্রা ও নবীনগর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24