ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় তিনদিনব্যাপী জুম ল্যাপটপ মেলা শুক্রবার শেষ হয়েছে। ছুটির দিন হওয়ায় মেলায় ছিল উপচেপড়া ভিড়।
মেলার ব্যাবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আসিফ সারোয়ার খান জানান, এদিন বিকেল পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি ল্যাপটপ বিক্রি হয়েছে। আয়োজকদের মতে তা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
তিন বছর আগে প্রথম আয়োজনে মাত্র ৬শ' ল্যাপটপ বিক্রি হয়েছিল। ২০০৯ সালের মেলায় বিক্রি হয় তিন হাজার কম্পিউটার।
প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জুম ল্যাপটপ মেলা- ২০১০।
বিক্রেতাদের মূল্যছাড় আর উপহারের ছড়াছড়ি থাকায় এবার এক স্টল থেকে আরেক স্টলে দৌঁড়েছেন ক্রেতারা, যাদের অধিকাংশই তরুণ-তরুণী। হাতভর্তি বিভিন্ন কোম্পানির পণ্যের মূল্যতালিকা নিয়ে প্রত্যাশিত দামে ল্যাপটপ পছন্দ করতে রীতিমতো গলদঘর্ম হতে হয় তাদের।
'আর মাত্র কয়েকটি রয়েছে এই শেষ, কাড়া কাড়ি মূল্য ছাড়'- এরকমই হাকডাক শোনা যাচ্ছিল ল্যাপটপ মেলার শেষ মুহূর্তে প্রায় প্রতিটি স্টল থেকে।
১২ হাজার টাকা দামের ইইই পিসি (নেটবুক) নিয়ে এসেছিল আসুস। সেইসঙ্গে ছিল আকর্ষণীয় মূল্যছাড় আর উপহার। তাদের ২০ থেকে ২৮ হাজার টাকা দামের নেটবুকগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। মেলার শেষ দিন তার নিয়ে আসে ১২ হাজার টাকার ছোট নেটবুক, যা ক্রেতাদের নজর কাড়ে।
লিনোভোর প্রতিটি কম্পিউটারের সঙ্গে দেওয়া হয় এজ মোডেমসহ বিভিন্ন উপহার।
স্মার্ট টেকনোলজিস এইচপি'র সব ল্যাপটপে ১০ শতাংশ মূল্যছাড় দেয়। এছাড়া ছিল মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার।
তিন বন্ধুসহ ল্যাপটপ কিনতে এসেছিলেন তানভীর হক। শেষ পর্যন্ত যেটি পছন্দ হলো তা তার সামর্থ্যরে বাইরে। শেষে বন্ধুদের কাছ থেকে আরো টাকা ধার করে সব মিলিয়ে ১৪ টাকায় পছন্দের ল্যাপটপ নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরেন তিনি।
লেনদেন চলে ক্রেডিটকার্ডেও।
সদ্য এমবিএ করা শাফিক জানালেন, ৩০ হাজার টাকার মধ্যে মানসম্পন্ন ল্যাপটপ পেলে তিনি আর ডেস্কটপ কিনবেন না। তাই ১২ হাজার টাকায় নিজের ডেস্কটপ কম্পিউটার বিক্রির টাকা নিয়ে তিনি মেলায় আসেন ল্যাপটপ কিনতে।
মেলায় বিশ্বখ্যাত ব্রান্ডের ল্যাপটপ ও প্রযুক্তি নিয়ে ১৫টি প্যাভিলিয়ন ও ৫টি স্টলে পসরা সাজিয়ে বসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশীয় আমদানীকারক প্রতিষ্ঠানগুলো। ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল এইচপি, কমপ্যাক, ডেল, ফুজিৎসু, হ্যাসি, গিগাবাইট, আসুস, লিনোভো, তোশিবা, এসার, বেনকিউ, এ্যাপল, স্যামসাং।
এবারের মেলার টাইটেল স্পন্সর ছিল সিটিসেল ওয়্যারলেস কম্পিউটার মোডেম 'জুম'। আর মেলার অনলাইন নিউজ পার্টনার ছিল দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24