২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘটিকে হত্যা করেছে গ্রামবাসী

সাতক্ষীরার লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে গ্রামবাসী।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রয়েল বেঙ্গল টাইগারটি বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শ্যামনগর উপজেলার কদমতলা নদীর পার হয়ে সুন্দরবন থেকে কয়েক কিলোমিটার ভিতরে আবাদ চণ্ডিপুর গ্রামে ঢুকে পড়ে। তবে এটা কাউকে আক্রমণ করেনি। শুক্রবার সারাদিন বনবিভাগ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাঘটিকে অক্ষত অবস্থায় আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। তাদের ব্যর্থতায় ক্ষুব্ধ গ্রামবাসী সন্ধ্যায় বাঘটিকে হত্যা করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি ফজলুর রহমান। তিনি বলেন, "বনবিভাগের কাছে চেতনানাশক ইনজেকশন ও সরঞ্জাম না থাকায় বাঘটি ধরা যায়নি।" ওসি জানান, বনবিভাগ বাঘটিতে ধরতে ব্যর্থ হওয়ায় লোকজন ক্ষেপে ওঠে। তারা বারবার ইটপাটকেল ছুড়ে বাঘটিকে হত্যার চেষ্টা চালায়। এতে বাঘটি আহত হয়। এতে বাধা দেওয়ায় পুলিশ ও বিডিআর সদস্যের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জনতার ছোড়া ইটে তিনি ও স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজাসহ কয়েকজন সামান্য আহত হন বলে জানান ওসি। তিনি জানান, ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অবনী ঠাকুর, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম। এর আগে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আবাদ চণ্ডিপুর গ্রামের খোরশেদ মির্জা সকালে ঘুম থেকে উঠে দেখেন তার রান্না ঘরের চালের উপরে একটি বাঘ শুয়ে আছে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে বাঘটি রান্না ঘরে ঢুকে পড়ে। গ্রামবাসী রান্না ঘরের চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন। বাঘটিকে অসুস্থ মনে হচ্ছিল বলেও তিনি জানিয়েছিলেন। বাঘটিকে হত্যার পর তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। শ্যামনগরের ইউএনও সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকজনকে আমরা বিকাল পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলাম। কিন্তু তারা শেষ পর্যন্ত বাঘটিকে মেরে ফেলেছে।" তিনি জানান, বনবিভাগের কর্মকর্তারা চেতনানাশক ইনজেকশন ও বিশেষজ্ঞদের জন্য ঢাকায় খবর দিয়েছিলেন। ইউএনও জানান, প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা গ্রামবাসীকে বলেছিলেন- বাঘটিকে যেভাবে জাল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে তাতে এটা কাউকে আক্রমণ করতে পারবে না। বিশেষজ্ঞদল এসে পৌঁছালে বাঘটিকে ধরা যাবে। কিন্তু লোকজন তাদের কথা শোনেনি। গত বছরের ২ জুলাই সাতক্ষীরার শ্যামনগরের মধ্যম খলিসাবুনিয়া এলাকায় এবং বাগেরহাটের শরণখোলায় গ্রামবাসী পিটিয়ে দুটি বাঘ হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.