২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ডিন নির্বাচনে আ'লীগ সমর্থক প্যানেল জয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে ডিন পদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি' প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে ডিন পদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি' প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থক শিক্ষকরা আলাদা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সমাজবিজ্ঞান অনুষদে দুই জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ চলে। আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি' প্যানেল থেকে কলা ও মানবিক অনুষদে অধ্যাপক অসিত বরণ পাল ৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী' প্যানেল প্রার্থী অধ্যাপক মো. মোজাম্মেল হক পেয়েছেন ৩২ ভোট। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে অধ্যাপক মো. নূরুল আলম ৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মাহবুব কবির পান ২৬ ভোট। সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. সাজেদ আশরাফ করীম ৪৮ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. শামছুল আলম সেলিম পেয়েছেন ২২ ভোট। এছাড়া একই অনুষদে স্বতন্ত্র প্রার্থী সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন ১৭ ভোট এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী পেয়েছেন ৩ ভোট। জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. আব্দুল জব্বার হাওলাদার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. সোহেল রানা পান ৩১ ভোট। ২০০৫ সালে ডিন পদে দুই বছর মেয়াদের জন্য সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০০ ঘ.