ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ তারিখ ধার্য করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ফেরদৌস আরা এ তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক আ. কাইয়ুমকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের আট নেতাকে আসামি করে মঙ্গলবার মামলা করে পুলিশ।
শাহবাগ থানায় দায়ের করা এ মামলার আসামিদের মধ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের নামও রয়েছে।
মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩শ' জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা বাকি সাত আসামি হলেন- ছাত্রদলের সিনিয়র সহ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম টিটু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না এবং সমাজসেবা সম্পাদক মাহবুবুল আলম আজম।
মামলার বাদি হয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন। এজাহারে ওই সংঘর্ষের জন্য ছাত্রদল নেতা-কর্মীদের দায়ী করা হয়।
সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন। স
bdnews24