২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ভোটার হওয়ার আবেদন শেষ হচ্ছে সোমবার

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) হালনাগাদ খসড়া ভোটারতালিকায় ভোটারদের দাবি, আপত্তি ও নতুন করে ভোটার হওয়ার আবেদন করার শেষ দিন সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 07:12 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) হালনাগাদ খসড়া ভোটারতালিকায় ভোটারদের দাবি, আপত্তি ও নতুন করে ভোটার হওয়ার আবেদন করার শেষ দিন সোমবার। ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) বিকাল ৫টার মধ্যে ভোটাররা এসব আবেদন করতে পারবেন।" হালনাগাদের পর গত ৩ জানুয়ারি ঢাকা জেলা নির্বাচন কার্যালয় খসড়া তালিকা প্রকাশ করে। এ তালিকা অনুযায়ী আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৭ লাখ। বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালনাগাদ তালিকায় ২ লাখ ৩৫ হাজারের বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আগের তালিকায় ঢাকা নগরীর ভোটার সংখ্যা ছিলো ৩৫ লাখ ২৫ হাজারের বেশি। আগামী ৩ ফেব্র"য়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে বলে নির্বাচন কমিশন (ইসি) ইতিপূর্বে জানিয়েছে। হালনাগাদ তালিকা ঢাকা জেলা নির্বাচন কার্যালয়, ডিসিসি'র সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয়, ওয়ার্ড কাউন্সিল কার্যালয়, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান ও জনপরিচিতিসম্পন্ন স্থানে টানানো হচ্ছে বলে নির্বাচন কর্মকর্তারা জানান। হালনাগাদ তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে যে কোনো ভোটার তার দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন। সে অনুযায়ী সোমবার হচ্ছে শেষ দিন। এসব আবেদন ২৬ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করে ৩১ জানুয়ারির মধ্যে তা খসড়া তালিকায় সন্নিবেশ করা হবে এবং ৩ ফেব্র"য়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরও যারা বাদ পড়েছেন, তাদেরও ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুৎফর রহমান। বাদপড়ারা তালিকায় নাম ওঠাতে চাইলে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৩০৫ ঘ.