ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় উত্তরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদিন আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে। রাতে ঝরে বৃষ্টির মতো।
প্রচণ্ড ঠাণ্ডায় ক্ষেত-খামারে কাজ করতে পারছে না দিনমজুররা। নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘরে ঘরে দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগবালাই।
নীলফামারীতে শুক্রবার রাতে শীতজনিত রোগে একজনের মৃত্যু হয়েছে।
ঢাকার আবহাওয়া অফিসের শনিবারের সান্ধ্য বুলেটিনে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও ঢাকা বিভাগ এবং যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে।
শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে।
এছাড়া ঢাকার সর্বনিু তাপমাত্রা ছিল ১২.৭, চট্টগ্রামে ১৩.৭, রাজশাহীতে ১০.০, খুলনায় ১৩.৫, বরিশালে ১১.৯ এবং সিলেটে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
নীলফামারী: গত পাঁচদিন ধরে কনকনে শীত আর হাড় কাঁপানো হিমেল হাওয়ায় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকায় সূর্যের দেখা মিলছে না।
শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার সারাদিন বৃষ্টির মতো কুঁয়াশা পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় ক্ষেত-খামারে কাজ করতে পারছে না লোকজন। হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ঢাকা আবহাওয়া অফিসের কর্মকর্তা সানাউল করিম জানিয়েছেন, শনিবার নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে একই সময়ে নীলফামারী সদর, ডোমার ও ডিমলা উপজেলায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে এসেছে।
সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, রামনগর বিষমুড়ি গ্রামের বৃদ্ধা ঢাকো বিবি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে বাড়িতে মারা গেছেন।
নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ শীতজনিত রোগে একজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, শীতের কারণে বিভিন্ন রোগে প্রতিদিন মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। জেলার ছয়টি হাসপাতালে গত দুইদিনে ৩১২ জন রোগী ভর্তি হয়েছে।
দিনাজপুর: গত তিনদিন এখানে সুর্যের মুখ দেখা যায়নি। কনকনে ঠাণ্ডা হাওয়ায় মানুষ বলতে গেলে ঘরের বেরই হতে পারছে না।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টির মতো ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে যায়।
গত তিনদিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৮ জন শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ভর্তির হার বেড়েছে বলে স্বীকার করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. ওয়ারেস সরকার বলেন, শীতবাহিত রোগে শিশুদের আক্রান্তের হার উদ্বেগজনক না হলেও স্বল্প ওজন এবং অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা জাকির হোসেন বলেন, গত ১৪ জানুয়ারি দিনাজপুরে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৫ জানুয়ারি (শুক্রবার) ১০ এবং শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়: জেলায় শনিবার সারাদিন সুর্যের মুখ দেখা যায়নি। বিকাল হতেই ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায় এবং রাতভর বৃষ্টির মত ঝিরঝির কুয়াশা পড়ে। তীব্র শীত ও কুয়াশায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।
সকাল ১০টায় শহরের প্রবেশ পথ করতোয়া সেতু হয়ে ট্রাক নিয়ে ধীরে আসতে থাকা চালক শাহাবুদ্দিন (৪২) বলেন, কুয়াশা এত ঘন যে সামান্য দূরে কি আছে তাও দেখা যায় না। এজন্য দুর্ঘটনার আশঙ্কায় হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে চলছি।
শহর ও শহরতলীর দুঃস্থ মানুষকে শীতবস্ত্রের জন্য এখানে ওখানে ছোটাছুটি করতে দেখা গেছে।
এদিকে শনিবার পঞ্চগড় পৌরসভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে, গ্রামাঞ্চলে প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র অপর্যাপ্ত বলে জানান জনপ্রতিনিধিরা।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক বলেন, "আমার ইউনিয়নে দরিদ্র পাথর শ্রমিকই আছে প্রায় পাঁচ হাজার। সেখানে এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দ পেয়েছি মাত্র ৩৮টি কম্বল।"
জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, জেলা প্রশাসন শীতার্তদের সাহায্যে করার যথাসাধ্য চেষ্টা করছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করেছে।
মুন্সীগঞ্জ: ধলেশ্বরী তীরের এই জেলায় হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। শীতবস্ত্রহীন মানুষেরা সীমাহীন কষ্ট পাচ্ছে। শীতের কারণে হাপানিসহ নানা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
বিভিন্ন স্টেশনে, রাস্তার পাশে বহু ছিন্নমূল মানুষ শীতে কষ্ট পাচ্ছে। পদ্মা তীরের সম্বলহীন পরিবারগুলোর কষ্ট চরম আকার ধারণ করেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল করিম বলেন, হাসপাতালে এখন বেশিরভাগ রোগীই এই শীতজনিত রোগে আক্রান্ত।
আশি বছরের বৃদ্ধা আলেয়া বেগম বলেন, তিনি তার জীবনে এত শীত দেখেননি।
শীতার্থদের মধ্যে শনিবার সকালে গরম কাপড় বিতরণ করে মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারা হতদরিদ্র দেড় শ' পরিবারকে নতুন কম্বল দেয়। এ ছাড়া রেডক্রিসেন্ট জেলায় বরাদ্দ করেছে দুই শ' কম্বল।
সাংস্কৃতিক জোটের দেওয়া কাপড় পেয়ে বৃদ্ধা হরিমন বিবি আনন্দে কেঁদে ফেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24