ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অভিজ্ঞতার অভাবে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে সরকারের সময় লাগছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'যুদ্ধাপরাধীদের বিচারের এখনই সময়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তবে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে আইন সংশোধনের পর আদালতের স্থানও নির্ধারণ হয়েছে।
তবে বিভিন্ন সংগঠন অভিযোগ করছে, সরকার এতে ধীরগতি নিয়ে এগোচ্ছে।
কামরুল বলেন, "যুদ্ধাপরাধ নিয়ে বিচারের অভিজ্ঞতা দেশের কারো নেই। তাই প্রস্তুতি নিতে সরকারের সময় লাগছে।"
তিনি জানান, বিশ্বের অন্য যে সব দেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সে সব দেশ থেকে পরামর্শ নিয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি বিচার করতে চাইছে সরকার।
আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, "যুদ্ধাপরাধী ও জঙ্গিরা একই শক্তি। এরাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। তাই বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও সহজ করে দেবে।"
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচারও শুরু হবে বলে জানান তিনি।
আওয়ামী আইন ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ওই আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিপ্লব হাসান পলাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24