চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশায় দিক হারিয়ে চট্টগ্রাম বন্দর চ্যানেলে ঢোকার আগে গ্রীণ বয়ার কাছে আটকা পড়েছে মরিশাস থেকে আসা ভোজ্যতেলবাহী একটি ট্যাংকার জাহাজ।
শনিবার দুপুর ১২ টার দিকে সিডপলিন নামের এ জাহাজটি আটকে যায় বলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১৩ হাজার অপরিশোধিত পাম ওয়েল বহনকারী জাহাজটি কুয়াশার কারণে দিক হারিয়ে বালিমাটিতে আটকে যায়।
জাহাজটি বন্দরের রিভার মুরিং-৩ নম্বর জেটিতে ভেড়ার উদ্দেশে আসছিলো। এ জেটিতে পণ্য খালাস করার কথা।
ফরহাদ জানান, শনিবার রাতে জোয়ারের সময় জাহাজটি জেটিতে ভেড়ানোর চেষ্টা করা হবে ।
তবে এতে বন্দরে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24