শরীয়তপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক আব্দুস সামাদ আজাদ হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শরীয়তপুর সদর উপজেলার সব বেসরকারি বিদ্যালয়ে শনিবার ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আগের দিন রাতে দুষ্কৃতিকারী গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদকে।
আব্দুস সামাদ আসন্ন ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন বলে স্থানীয়রা জানায়।
নিহত শিক্ষকের স্ত্রী রিনা বেগম সাংবাদিকদের জানান, চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৬ জনকে আসামি করে তিনি পালং (সদর) থানায় একটি মামলা করেছেন।
পালং থানার ওসি রবিউল আলম জানান, পুলিশ এখনো সামাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
সামাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে সদর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে সদর উপজেলার সব বেসরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার ক্লাস বর্জন এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
চিকন্দি সরফ আলী উচচ বিদ্যালয়ে মানববন্ধন এবং শোক র্যালি করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ।
নিহতের ছোট ভাই হারুন-অর-রশীদ ও স্থানীয় দোকানদার আবু কালাম মুন্সী সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় চন্দ্রপুর ইউনিয়নের লক্ষ্মীর মোড় এলাকায় একটি ক্লাব ঘরে বসে স্থানীয় লোকজনদের নিয়ে বৈঠক করার সময় হঠাৎ ১৫/২০ জন দুষ্কৃতিকারী সামাদ মাস্টারকে লক্ষ করে গুলি চালায়।
গুলিবিদ্ধ সামাদ মাস্টার মাটিতে লুটিয়ে পড়লে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরো পাঁচজন। এরা হলেন- রহিম পেদা (৪০), ওয়াজেদ শীল (৩৫), সেলিম ফকির (৪৫), ইসাহাক মুন্সী (৫০) ও বিশ্বজিৎ শীল (৩৫)। এরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রহিম পেদা বলেন, "প্রথমে একটি গুলির শব্দ শুনে মানুষ ছুটোছুটি শুরু করলে পেছন থেকে তাদেরকে লক্ষ করে গুলি চালানো হয়। দুষ্কৃতিকারীদের বেশির ভাগ মুখোশ পরিহিত ছিল বলে ধারণা করা হচ্ছে তারা স্থানীয় ও পরিচিত কেউ হবে।
স্থানীয় চিকিৎসক ডা. বাবুল জানান, হত্যা করে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিকারীরা বলে যায়, আমরা পূর্ববাংলা সর্বহারা পার্টির লোক। কেউ কোনো সাড়াশব্দ করবি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24