ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে হাতকড়াসহ ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামে তাকে নিয়ে অন্য আসামিদের ধরতে এলে আল-আমিন (২৪) নামের এই আসামি পালিয়ে যায়।
এদিকে সিলেট শহর থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করেছে র্যাব।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: মঙ্গলবার রাতে আড়াইহাজার উপজেলার মর্দাসাদী গ্রাম থেকে ডাকাতি মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে সোনারগাঁও ও আড়াইহাজার থানায় ৭/৮টি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়, আল আমিনকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতি মামলা ও অন্য আসামিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক অরূপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল আল-আমিনকে নিয়ে আড়াইহাজারের বগাদি গ্রামে অভিযান চালায়। আল আমিন পুলিশকে প্রশ্রাব করার কথা বলে হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক ডাকাত আল আমিনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
মৌলভীবাজার: গ্রেপ্তারকৃত ডাকাত শরীফ মিয়ার (৪০) বাড়ি জেলার রাজনগর উপজেলার শাহাপুর গ্রামে। চারটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীফের বিরুদ্ধে সিলেটের বালাগঞ্জ থানায় একটি এবং মৌলভীবাজারের রাজনগর থানায় তিনটি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
সিলেট শহরের তালতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আমেরিকার তৈরি একটি রিভলবার ও তিনটি গুলি।
তাকে র্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24