বান্দরবান, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুনো হাতির আক্রমণে বান্দরবানের লামায় এক নারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বুধবার রাতে ফাইতং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় তারা হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান বলে লামা থানার ওসি মোহাম্মদ হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- মোহাম্মদ জাফরের স্ত্রী সাগেরা বেগম (৩৬) ও ইয়াছমিন (৩)। হাতির পাল তাদের বসতঘরটি গুঁড়িয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা হোসেন সাংবাদিকদের বলেন, "রাত ১১টার দিকে জাফরের ঘরে হাতির দল আক্রমণ চালায়। জাফর তখন বাইরে ছিলো। বাঁশের তৈরি ওই ঘরটি হাতির পাল গুঁড়িয়ে দেয়, ঘরের ভেতরে থাকা মা-মেয়ে মারা যায়।"
লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান। তিনি ওই পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ তিন হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
গত ২৮ ডিসেম্বর নোয়াপাড়া সংলগ্ন কুমুইজ্যা খোলা এলাকার স্থানীয় দোকানদার মো. আইয়ুব আলী বুনো হাতির আক্রমণের শিকার হয়ে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24