ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে-মেয়ে সবার জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাসের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে আরো শিক্ষক নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১০ উদ্বোধন করেন।
ওসমানী মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বোঝা লাঘবে প্রাথমিকের পাঠ্যসূচি সহজ করার ওপরও জোর দেন।
'দিন বদলের দিচ্ছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া'- এ লক্ষ্য সামনে দিয়ে সরকার শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "আমি মনে করি, ডিগ্রি পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া উচিত। আমরা ডিগ্রি পর্যন্ত সকলের জন্য শিক্ষা অবৈতনিক করে দেবো।"
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এবারের বাজেটে আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি, আগামী বাজেটে তা আরো বাড়ানো হবে। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।"
শিক্ষক ও শিক্ষার্থীরা যেন অবহেলিত না হন, সে বিষয়ে সরকার দৃষ্টি দেবে বলে জানান তিনি।
শিক্ষা বিস্তারে দারিদ্র্য দূর করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আমরা দেখেছি, দারিদ্র্যের কারণে সাক্ষরতার হার বাড়ে না। কারণ পেটে খাবার না থাকলে অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে চান না।"
মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ এবং উপবৃত্তি চালুসহ সরকারের বিভিন্ন পদক্ষেপে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমবে বলে আশা প্রকাশ করেন হাসিনা।
শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কেউ কেউ সমালোচনা করলেও আমরা এতে সবার উৎসাহ দেখেছি।"
শিক্ষক সঙ্কট নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা ২০ হাজার নিয়োগ দিয়েছি। আরো ২২ হাজার ৩২৫ জন নিয়োগের প্রক্রিয়া চলছে। ১ হাজার প্রধান শিক্ষকও নিয়োগ দেওয়া হবে।"
শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপরও জোর দেন হাসিনা।
প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচি সহজ করার পক্ষে মত জানিয়ে তিনি বলেন, "প্রাথমিক শিক্ষার সিলেবাস অত্যন্ত বেশি। কতগুলো বইয়ের বোঝা তুলে দিলেই শিশুরা পণ্ডিত হয়ে যাবে বিষয়টা তা নয়।"
সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে প্রাথমিকের পাঠ্যসূচি আরো সহজ করার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দিন বদলের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তার সরকার কাজ করছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীসহ উপস্থিত মন্ত্রী, সাংসদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২২০ ঘ.
bdnews24