নাটোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলার ফুলবাগান এলাকা থেকে পূর্ব বাংলার সর্বহারা পার্টির এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে আফজাল নামের ওই নেতাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আফজালের বিরুদ্ধে জেলার সিংড়া থানার বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা, অস্ত্র লুট এবং তিন আনসারকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, আফজাল পূর্ব বাংলার সর্বহারা পার্টির নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ অঞ্চলের নেতা। তিনি ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ফুলবাগান এলাকায় অবস্থান করছিলেন।
মঙ্গলবার তাকে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24