রাজশাহী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - আগামী ১৬ ও ১৭ জানুয়ারি রাজশাহীতে নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে প্রথমবারের মত রাজশাহীতে এ সম্মেলন হচ্ছে। নজরুল ইনস্টিটিউট এর আয়োজক।
সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তারা এ তথ্য জানান।
তারা জানান, সম্মেলনের প্রথম দিন সকাল ১০টায় নগরীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। পরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
দ্বিতীয় পর্বে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক খালিদ হোসেন ও লীনা তাপসী খান শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ দেবেন।
বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী বিভাগের ৫৪ জন শিল্পী নজরুল সঙ্গীত পরিবেশন করবেন।
সম্মেলনের দ্বিতীয় দিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 'স্বাধীনতার কবি নজরুল' শীর্ষক আলোচনা সভা হবে।
সম্মেলনে কবি পরিবারের সদস্য খিলখিল কাজী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯২৮ সালের ১৬ ডিসেম্বর মুসলিম ক্লাবের বার্ষিক সম্মেলনে যোগ দিতে কবি নজরুল রাজশাহীতে এসেছিলেন। তার ঠিক ৮০ বছর পর নজরুল ইনস্টিটিউট এই সম্মেলন করছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ সম্মেলনের বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24