২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে মাইক্রো ছিনতাই, গ্রেপ্তার ৩

সাভার থেকে ভাড়ায় মাইক্রোবাস নিয়ে নরসিংদীতে এর চালককে হত্যা করা হয়। পরে গাড়িটি নিয়ে ছিনতাই চক্রের সদস্যরা ফরিদপুরে চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

সাভার, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার থেকে ভাড়ায় মাইক্রোবাস নিয়ে নরসিংদীতে এর চালককে হত্যা করা হয়। পরে গাড়িটি নিয়ে ছিনতাই চক্রের সদস্যরা ফরিদপুরে চলে যায়। গত ২০ ডিসেম্বর এই ঘটনা ঘটে। সোমবার ওই চক্রের তিন সদস্যকে আটক করা হয় ফরিদপুর সদর উপজেলা থেকে। গ্রেপ্তারের পর তারা চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেন। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোহা ব্র্যান্ডের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৪৯৬) নিয়ে চালক শাহ আলম (৩০) পালিয়েছেন- এ অভিযোগ করে গত ২৯ ডিসেম্বর সাভারের ভেন্ডাবর এলাকার জসিম উদ্দিন থানায় একটি মামলা (নম্বর-৮৩) করেন। রোববার সন্ধ্যায় সাভারের বলিভদ্র বাজারে আনোয়ার হোসেন (২৪) নামে এক ব্যক্তি গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে ফরিদপুরের কোতয়ালি থানা পুলিশের সহায়তায় সদর উপজেলার গজারিয়া এলাকার আসালিয়া গ্রাম থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শেখ বকুল হোসেন (৩৪) ও তার স্ত্রী আসমা বেগমকে (২৮)। সোমবার দুপুরে তাদের ফরিদপুর থেকে আশুলিয়া থানায় আনা হয় বলে এসআই সেকান্দার জানান। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, গত ২০ ডিসেম্বর দুপুরে পল্লীবিদ্যুৎ স্ট্যান্ড থেকে সাভারের বদু, রাসেল, হাসিব ও ধামরাইয়ের নজর আলী, আতাউরসহ তারা নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি ভাড়া করেন। নরসিংদী পৌঁছে তারা চালককে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা আবার মাইক্রোবাস নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দেন। পথে চালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং নরসিংদীর একটি সেতুর নিচে লাশ ফেলে দেন তারা। গ্রেপ্তারকৃত বকুল হোসেন সাংবাদিকদের জানান, তারা এ পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকা থেকে চারটি গাড়ি ছিনতাই করেছেন। এর মধ্যে দুটি মাইক্রোবাসের চালককে তারা হত্যাও করেন। তিনি জানান, ছিনতাইয়ের পর তার নিজের বাড়ি ফরিদপুরের আসালিয়া গ্রামে নিয়ে গাড়ি রং বদলে ফেলেন এবং পরে বিক্রি করে দেন। তাদের এই চক্রের সদস্য সংখ্যা ১০। মামলার তদন্ত কর্মকর্তা সেকান্দার আলী জানান, গত ২২ ডিসেম্বর নরসিংদীতে চালক শাহ আলমের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সেখানে একটি মামলা হয়েছে। শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডুমঘাটা এলাকায়। তার স্ত্রী লাভলী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ ডিসেম্বর দুপুরে শাহ আলম গাড়ি নিয়ে ভেন্ডাবরের পল্লী বিদ্যুৎ এলাকার বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.