২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি: দিল্লি-ঢাকা আশাবাদী

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠকের প্রথম অধিবেশন শেষে উভয় দেশ তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতির বিষয়ে আশা প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 11:37 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠকের প্রথম অধিবেশন শেষে উভয় দেশ তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতির বিষয়ে আশা প্রকাশ করেছে। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় তিন দিনের এ বৈঠক শুরু হয়। তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পানি সম্পদ সচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার বলেন, "এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন করতে ইচ্ছুক। "আমরাও ছাড় দিতে চাই এবং বাংলাদেশের সব সমস্যা আমরা ইতিবাচক দৃষ্টিতেই দেখছি।" বাংলাদেশের উদ্বেগের বিষয় ভারত বিবেচনা করছে জানিয়ে তিনি আরো বলেন, "এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।" আলোচনায় বাংলাদেশের পক্ষে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান এবং ভারতের পক্ষে পাঁজিয়ার। ওয়াহিদ-উজ-জামান বলেন, "ইতিবাচক দিকেই সবকিছু এগুচ্ছে। পানি বণ্টন চুক্তি (তিস্তা চুক্তি) হওয়ার ব্যাপারে ইতিবাচক ফল দেখতে পাব বলে আশা করছি।" বৈঠকে ভারত-বাংলাদেশের অভিন্ন নদী খনন, ফেনী নদী থেকে ভারতে সেচ ও বিশুদ্ধ পানি সরবরাহ, অভিন্ন নদীর তীর সংরক্ষণ, তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়া তৈরিসহ দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ভারতের পানি সম্পদ সচিব শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে মন্ত্রী পর্যায়ে যৌথ নদী কমিশনের বৈঠক হওয়ার কোনো সুযোগ না থাকার বিষয়টিও পরিষ্কার করে দেন। অন্যান্য বিষয়ে পরের অধিবেশনে আলোচনা হবে বলে জানিয়েছেন উভয় সচিব। গত এক দশক ধরে বাংলাদেশ তিস্তার পানি বণ্টন বিষয়ে একটি চুক্তির জন্য প্রতিবেশী ভারতের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ১৯৯০ সালে ভারত তিস্তার উজানে বাঁধ নির্মাণ করার পর থেকে ভাটিতে বাংলাদেশ অঞ্চলে প্রতিবছর শুকনো মৌসুমে সেচের পানির তীব্র সঙ্কট দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জিএনএ/১৭৩৩ ঘ.