সুনামগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রপালা বন্ধ করতে গিয়ে আয়োজকদের হামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসিসহ ১১ পুলিশ আহত হয়েছেন।
দোয়ারাবাজার উপজেলার নৈনগাও গ্রামে রোববার বিকালে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ওসি সাইদুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শহীদ, শাহজাহান, হুমায়ুন, মায়নাল, কনস্টেবল সিরাজ, জসিম, আনোয়ার, শাহ আলম, ফাত্তাহ ও হারুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, স্থানীয় যুবকদের উদ্যোগে শনিবার থেকে নৈনগাও গ্রামে তিনদিনের যাত্রাপালা শুরু হয়। কিন্তু অশ্লীলতার অভিযোগ এনে স্থানীয় লোকজন ওই যাত্রানুষ্ঠান বন্ধের আবেদন করে থানায়।
পুলিশ কর্মকর্তা বলেন, বিকাল ৪টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশ যাত্রাপালা বন্ধ করতে গেলে আয়োজকরা দেশে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় সাইদুর রহমান নামে যাত্রাপালা আয়োজকদের একজনও আহত হন। তাকে ভর্তি করা হয়েছে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
যাত্রানুষ্ঠান এখন বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি। কোনো গ্রেপ্তার নেই বলে তিনি জানান।
সুনামগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম কিবরিয়া বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24