ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছে।
মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডের ২০২ নম্বর ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হন ভবনের দারোয়ান মো. জসিমউদ্দিন (৪০) ও পথচারী মো. মামুন (২৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিমউদ্দিন সাংবাদিকদের বলেন, "একটি প্রাইভেটকারে কয়েকজন যুবক এসে বাড়িটির নম্বার জানতে চায়। বলার পর তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদার দাবিতে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১০২৫ ঘ.
bdnews24