২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা দিয়ে আদালত নিয়ন্ত্রণ করেছে যৌথবাহিনী: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে বিচারিক আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুযারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে বিচারিক আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে। সেসময় শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত শফিক অভিযোগ করেন, অনেক বিচারক ও বিচারপতি তখন স্বাধীনভাবে কাজ করেনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিলিয়া মিলনায়তনে সরকার দলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের তত্ত্বাবধায়ক সরকারের সময়কার বন্দী জীবন নিয়ে লেখা 'নোটস ফ্রম এ প্রিজন: বাংলাদেশ' শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অধ্যাপক বোরহান উদ্দীন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যরিস্টার রফিক-উল-হক, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নিউএইজ সম্পাদক নুরুল কবীর প্রমুখ। আইনমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর সদস্যরা অনেক নিরীহ ব্যক্তিকে আটক করে নির্যাতন করে। তখন দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। নিু আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত গোয়েন্দা সংস্থার লোক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে।" তিনি বলেন, "অনেক বিচারক ও বিচারপতি তখন স্বাধীনভাবে কাজ করেনি। আমি নিজেও সংসদ ভবনে স্থাপিত ক্যাঙ্গারু কোর্টে গিয়েছি। সেখানে যৌথ বাহিনীর সদস্যরা বসে থাকতো। তাদের ইশারায় বিচারকরা কাজ করতো।" নিজের অভিজ্ঞাতার বর্ণনা করে শফিক আহমেদ বলেন, "শেখ হাসিনার মামলায় আইনজীবী হয়েছিলাম বলে আমাকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচন করতে বাধা দেওয়া হয়েছিল। বিশেষ একটি সংস্থা জরিপ চালিয়ে যখন দেখলো তাদের নির্ধারিত প্রার্থী আমার চেয়ে পিছিয়ে আছে, তখন গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে ধরে নিয়ে নির্বাচন না করার জন্য ভয়-ভীতি দেখিয়েছিল। কিন্তু আমি তা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছি।" জোট সরকারের সময় পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, "সংবিধানে স্পষ্ট বলা আছে, কোন অবস্থায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। কিন্তু সেই সংবিধানকে লংঘন করে এ দেশে বারবার সামরিক শাসন জারি করা হয়েছে। প্রকৃতপক্ষে নাগরিক হিসেবে আমরা দেশের সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি।" মহীউদ্দীন আলমগীর বলেন, "দুর্নীতি দমন কমিশনকে প্রতিশোধ মূলক ও দমন মূলক কাজে ব্যবহার করা হয়েছে। যখন আইনীভাবে প্রতিষ্ঠিত কোনও প্রতিষ্ঠানকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়, তার চেয়ে বড় কোনও দুর্নীতি আর কিছু হতে পারে না। এ জন্য তখনকার দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও অন্য দুই কমিশনারের বিচার হওয়া উচিত।" তিনি কমিশনের বর্তমান দুই কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনযুর মান্নানকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের যদি ন্যূনতম সম্ভ্রম থাকে তাহলে পদত্যাগ করুন। আপনারা মানুষকে অত্যাচার-নির্যাতনে অন্যের তল্পিবাহক হয়ে কাজ করেছেন, সহযোগিতা করেছেন।" ২০০৭ সালের ৩ ফেব্র"য়ারী আলমগীরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর দুর্নীতির দায় এনে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে সাজা স্থগিত করা হয়। ২০০৮ সালের ২০ অক্টোবর কারাগার থেকে মুক্তিপান তিনি। আলমগীরের কারাসঙ্গী ব্যবসায়ী নেতা সালামান এফ রহমান বলেন, "যারা আমাদের ধরে নিয়ে নির্যাতন করেছে তাদের কোনও বিচার আজও হয়নি। অথচ সেই সময়ের একজন বিচারককে হাইকোর্টর বিচারক নিয়োগ করা হয়েছে। অন্যরাও এখন বড় বড় পদে রয়েছেন।" ব্যরিস্টার রফিক-উল-হক বলেন, "ওয়ান এলিভেন যারা করলো এখনো তাদের কেউ সাজা পেল না। এটা খুব দুঃখের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের ৩/৪ জন উপদেষ্টা বিদেশি পাসর্পোটধারী ছিলেন। ফখরুদ্দীন আহমদও আমেরিকার নাগরিক ছিলেন। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ওয়ান এলিভেনের অন্যতম আর্কিটেক্ট হলেও তাকে এখন অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত করা হয়েছে।" তার মতে, জবাবদিহিতার জন্য হলেও সরকারের উচিত আজ হোক আর কাল হোক ওয়ান এলিভেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২১২০ ঘ.