বরগুনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী উপজেলা সদরের বাঁধঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে শনিবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিউ ডিলাক্স নামের হোটেলটির ব্যবস্থাপক মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত তরুণী আশা বেগম (২৪) পরিচয়ে বৃহস্পতিবার তাদের হোটেলের ছয় নম্বর কক্ষে ওঠেন। স্বামী পরিচয় দিয়ে কামাল হোসেন (২৮) নামের একজনও তার সঙ্গে ওই কক্ষে ছিলেন।
হোটেলের রেজিষ্ট্রারে তাদের ঠিকানা দেওয়া ছিল- নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল গ্রাম।
মাইনুল জানান, শনিবার সকাল ৯টার দিকে কক্ষের ভিতরে লোকজনের সাড়া না পেয়ে তিনি স্থানীয় লোকজনের উপস্থিতিতে দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে তরুণীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণেরও আলামত পাওয়া গেছে।
তিনি জানান, পরিকল্পিতভাবে তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের ধারণা হোটেলের রেজিষ্ট্রারে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে।
হোটেলের ব্যবস্থাপককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24