২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রক্তদাতাদের সংগঠনের বর্ষপূর্তি

কক্সবাজার শহরতলীর 'উত্তর নুনিয়াছড়া ব্লাড ব্যাংক' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 05:40 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

কক্সবাজার, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরতলীর 'উত্তর নুনিয়াছড়া ব্লাড ব্যাংক' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। স্বেচ্ছায় রক্তদানকারী আট তরুণ ২০০৯ সালের ১ জানুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বর্তমান এর সদস্য সংখ্যা ৩৬। উত্তর নুনিয়াছড়া মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে নতুন রক্তদাতা উদ্বুদ্ধকরণে 'ব্লাড ক্যাম্প' ও বিকালে আলোচনা সভা। ব্লাড ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "তরুণরা আমাদের এগিয়ে যাবার শক্তি। তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। ব্লাড ব্যাংক স্থাপনের মতো কাজে হাত দিয়ে তারা ভালো কিছু করারই স্বপ্ন দেখায়।" অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। ব্লাড ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের রক্তদান কর্মসূচি সহায়ক দল ও যুব রেড ক্রিসেন্ট। ক্যাম্প পরিচালনা করেন কক্সবাজার সদর হাসপাতালের প্রধান মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোহাম্মদ ইলিয়াছ আহমদ খান ও কক্সবাজার যুব রেড ক্রিসেন্টের উপ-প্রধান মহিউদ্দিন মহি। বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, "স্বেচ্ছায় রক্তদানকারী যেসব তরুণ এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেছে তারা অবশ্যই মানবতাবাদী।" এই ব্লাড ব্যাংক চালিয়ে যাওয়ার জন্য আর্থিকসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংগঠনটির প্রধান উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উত্তর নুনিয়াছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, রামু ডিগ্রি কলেজের প্রভাষক শহিদুল হক কাজল, প্রশিক্ষিত ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সেলিম উল্লাহ সেলিম, হোছাইন ইসলাম বাহাদুর প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.