২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে কনকনে হাওয়া

ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে উত্তরাঞ্চলের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে দরিদ্র মানুষের। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে উত্তরাঞ্চলের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে দরিদ্র মানুষের। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সরকারিভাবে সরবরাহ করা শীতবস্ত্র পর্যাপ্ত নয় বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন জানিয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। কুড়িগ্রামে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। গবাদি পশুও নানা ধরনের রোগের শিকার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: শুক্রবার সারাদিন ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকায় সূর্যের মুখ দেখা যায়নি। কয়েকদিন ধরে রাত ৯টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সেই সঙ্গে কনকনে বাতাস। দিনের বেলায়ও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন, "স্বাভাবিক নিয়মে বছরের এ সময়ে দিনে ১০ ঘণ্টা সূর্যের আলো পাওয়া যায়। কিন্তু এবার ঘন কুয়াশার কারণে তা ব্যহত হচ্ছে। "গত দু'দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।" তিনি আরো বলেন, "এ বছর ব্যাপক বন্যা ও অতিবৃষ্টির কারণে নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলোতে এখনো প্রচুর পানি রয়েছে। এজন্য মাটির স্তরও ভেজা। এর ফলে কুয়াশার ঘনত্ব বেড়েছে।" অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি কুয়াশাপাতের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, বিতরণের জন্য ২০ হাজার কম্বল, ২০ হাজার চাদর, ১০ হাজার জ্যাকেট, ১০ হাজার সোয়েটার ও ১০ হাজার শিশু পোশাক চেয়ে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। এর আগে অধিদপ্তর থেকে পাওয়া চার হাজার কম্বল ও এক বেল পুরাতন কাপড় ইতোমধ্যে জেলার শীতার্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। কুড়িগ্রাম: শীতজনিত রোগে গত দু'দিনে সদর হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরা হলেন, অবস্থায় সৌরভ (২), ওবায়দুর রহমান (৫৫), চানারী (৭০) ও বদিউর রহমান (৭৫)। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কে কে পাল বলেন, "ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতের বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। "এ ছাড়া গত দু'দিনে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।" জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. আজহারুল ইসলাম জানান, প্রচণ্ড শীতের কারণে গরুর পেট ফাঁপা রোগে আক্রান্তহয়ে গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন খামারে মারা যাচ্ছে হাঁস-মুরগির বাচ্চাও। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী শাহাদাৎ হোসেন জানান, জেলা প্রশাসন শীতবস্ত্রের জন্য ত্রাণ অধিদপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। এ বছর জেলায় ৩০ হাজার শীতবস্ত্রের চাহিদার কথা বলা হলেও এ পর্যন্ত পাওয়া গেছে ৫ হাজার ২০০-এর মতো। নেত্রকোনা: কনকনে শীত আর ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় সূর্য দেখা যায় না। পুরাতন কাপড়ের দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। দামও বেশি। দরিদ্রদের অনেকেই কিনতে পারছে না। জেলা প্রশাসক মো. নূরুল আমিন বলেন, সরকারিভাবে কিছু কম্বল পাওয়া গেছে। আরো চাহিদার কথা জানানো হয়েছে। ঠাকুরগাঁও: বৃহস্পতিবার রাতে গুড়িগুড়ি বৃষ্টি, শুক্রবার ভোরে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ড বাতাসে দরিদ্র ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ খেলাফত হোসেন বলেন, কনকনে ঠাণ্ডায় বিভিন্ন স্থানে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.