২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও মাদারীপুরে দুই তরুণ খুন

এক তরুণীতে উত্যক্ত করার জের ধরে খুলনায় এক তরুণকে হত্যা করা হয়েছে। অন্যদিকে মাদারীপুরে খুন হয়েছেন আরেক তরুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 09:28 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

খুলনা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক তরুণীতে উত্যক্ত করার জের ধরে খুলনায় এক তরুণকে হত্যা করা হয়েছে। অন্যদিকে মাদারীপুরে খুন হয়েছেন আরেক তরুণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, শহরের রায়পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রায়হানুল ইসলাম রাব্বি (২৪)। খুলনা সরকারি মোমোরিয়াল সিটি কলেজের ছাত্র রাব্বি ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। রাব্বি নগরীর খালপাড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। খুলনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক তরুণীকে উত্যক্ত করার জের ধরে রাব্বি খুন হয়। তিনি সাংবাদিকদের বলেন, "রায়পাড়ার নবারুন সংসদের একটি দল নড়াইলের নিরিবিলি পিকনিক কর্নারে পিকনিকে যায়। ফেরার সময় রাব্বি দলের একটি তরুণীকে উত্যক্ত করলে এ নিয়ে দলের অপর সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়।" রাতে বাসটি রায়পাড়ায় এলে স্থানীয় তরুণরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে পুলিশ কর্মকর্তা রওশন আরা জানান। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনী উপজেলার খাতিয়াল গ্রামের সেনাপতির দীঘিতে ভাসমান অবস্থায় সোহাগ (২০) নামে এক তরুণের লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। কালকিনী থানার ওসি মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, পূর্ব শত্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আলাউদ্দিন ফকিরের ছেলে সোহাগ ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। আলাউদ্দিন ফকির জানান, সোহাগ বৃহস্পতিবার বিকালে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬২০ ঘ.