পটুয়াখালী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে ছাত্রদলের দুটি অংশ সভা ডাকায় পটুয়াখালী জেলা সদরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দুই অংশ সকাল ১০টায় স্থানীয় পিডিএস মাঠে সমাবেশ করার ঘোষণা দেয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, সংঘাত এড়াতে পিডিএস মাঠ এবং এর আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি জানান, শহরের অন্য কোথাও যদি ছাত্রদলের একাধিক পক্ষ এক স্থানে কোনো কর্মসূচির ঘোষণা দেয় তাহলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আশফাকুর রহমান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পিডিএস মাঠে সমাবেশ করার ঘোষণা আগে দেন।
"কিন্তু সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক ছাত্রদলের অপর একটি গ্র"প একই স্থানে কর্মসূচি ঘোষণা করে", বলেন তিনি।
১৪৪ ধারা জারি করায় তারা সকাল ১১টায় পুরাতন আদালত ভবন মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।
অপরদিকে পটুয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জানান, আলতাফ চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা ছিলো। কিন্তু তা বানচাল করতেই অপর পক্ষ কর্মসূচি ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24