ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নববর্ষের প্রাক্কালে বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়েছে। এর ফলে আবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম পুনঃপ্রতিষ্ঠিত হলো।
ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে নেওয়ায় বাংলাদেশ সময় গ্রিনিচ মান সময় (জিএমটি) ৬ ঘন্টা হবে।
বুধবার বিদ্যুত উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে নিতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, এর ফলে গ্রিনিচ মান সময়ের সঙ্গে ছয় ঘন্টা পার্থক্য থাকবে। ২০১০ সালের জানুয়ারি, ফেব্র"য়ারি ও মার্চ তিন মাস এই নিয়ম বলবৎ থাকবে। আগামী ৩১ মার্চ রাত ১০ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা আবার এক ঘন্টা এগিয়ে আনা হবে। এই সময় ৩১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।
২০০৯ সালের ১৯ জুন সরকার ডেলাইট সেভিংস টাইম চালু করে।
ঘড়ির কাঁটা এক ঘন্টা পেছানোয় সরকারি অফিসে যোহরের নামাজ এবং মধ্যাহ্ন ভোজের সময়ের পরিবর্তন হয়েছে।
রোববার থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থায় যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির সময় বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে। ৩১ মার্চ পর্যন্ত এ সময় বহাল থাকবে।
১ এপ্রিল থেকে সময় আবার পরিবর্তন হবে। ওই সময় বেলা ২টা থেকে ২.৩০টা পর্যন্ত যোহরের নামাজ এবং মধ্যাহ্ন ভোজের সময় নির্ধারিত থাকবে। পরিবর্তিত এ সময় ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/০০১৮ ঘ.
bdnews24