রাজশাহী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে এক প্রতারণার ঘটনায় ঢাকা থেকে এক ভণ্ডপীর ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার আদালতে হাজির করার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে শরীয়তপুরের ভণ্ডপীর মোবারক আলী ও তার সহযোগী মঞ্জুর আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, রাজশাহী নগরীর চণ্ডীপুর এলাকার তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে 'জ্বীনের বাদশা'র মাধ্যমে সুস্থ করার নামে তার স্ত্রী শিউলি বেগমের কাছ থেকে নগদ ১৬ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় মোবারক আলী ও তার দুই সহযোগী।
টাকা ও স্বর্ণালংকার দেয়ার পরও স্বামী সুস্থ না হওয়ায় রাজশাহী পুলিশের কাছে অভিযোগ করে শিউলি বেগম।
অভিযোগের ভিত্তিতে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভণ্ডপীর মোবারক আলী ও তার সহযোগী মঞ্জুর আলমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে পুলিশ কর্মকর্তা মাহফুজুর জানান।
বুধবার রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/এসএইচ/২২৫৮ ঘ.
bdnews24