ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের মাধ্যমে আবারো পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রতিশ্র"তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার ঢাকা মহানগর পুলিশের ৩৯তম বংশাল থানার উদ্বোধনী অনুষ্ঠানের পর এক সুধী সমাবেশে মন্ত্রী এ আশ্বাস দেন। কোতোয়ালী থানার কিছু এলাকা নিয়ে এ নতুন থানা গঠন করা হয়েছে।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশের সমস্যার সমাধান ও এর আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে।"
পুলিশ সদস্যরা সারারাত আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করে ব্যারাকে গিয়ে ঘুমানো বা বিশ্রামের জায়গা পান না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশের জন্য ব্যারাক তৈরি, সুচিকিৎসা, পুলিশের সন্তান-সন্ততিদের পড়াশোনার ব্যাবস্থা করা হবে। পুলিশের জন্য উন্নত পরিবহন ও হাতিয়ারের ব্যবস্থা করা হবে। "
সেবাপ্রত্যাশীরা পুলিশের কাছে গিয়ে হয়রানির শিকার হলে তা কখনোই বরদাশত করা হবে না বলে সতর্ক করে দেন তিনি। তবে এজন্য জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, অচিরেই জাতিসংঘ শান্তি মিশনে বেশিসংখ্যক নারী পুলিশ সদস্য পাঠানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অভিযোগ করেন,"বঙ্গবন্ধু হত্যার পর পুলিশকে মিসহ্যান্ডলিং করে সন্ত্রাসের জন্ম দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে মদদ দেওয়া হয়েছে, উপকরণ সরবরাহ করা হয়েছে। আমরা এগুলো নির্মূলের চেষ্টা করে যাচ্ছি। এজন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।"
অপরাধ-সন্ত্রাস নির্মূলের জন্য পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে পুলিশ প্রধান নূর মোহাম্মদ বলেন, "পুলিশ সরকারের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সংস্থা। কিন্তু পুলিশকে সমালোচনা করে দায়িত্ব শেষ করলেই চলবে না। তাহলে দিন শেষে আবারও সেই সমালোচিত পুলিশের কাছেই ফিরে যেতে হবে। পুলিশের কাছে সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকেও তার কর্তব্য পালন করতে হবে।"
পুলিশ প্রত্যাশিত সেবা না দিলে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ করার পরামর্শ দেন মহাপরিদর্শক।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান দীপু,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্যরা।
রাজধানীর কলাবাগান ও গেণ্ডারিয়ায় আরও দু'টি থানা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৫৩ঘ.
bdnews24