২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মংলা পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র

বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র মোল্লা আব্দুল জলিল এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের দুই মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র মোল্লা আব্দুল জলিল এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের দুই মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের খুলনাস্থ সমন্বিত জেলা কার্যালয়ের দুই কর্মকর্তা বুধবার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়ারব হোসেনের আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন। মেয়র জলিল দুটি মামলার এবং কাউন্সিলর দুজন একটি করে মামলার আসামি। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ও ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও একটি মামলার তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন। তিনি বলেন, "২০০৫ সালে মংলা পৌরসভার আদায়কৃত রাজস্বের দুই লাখ ২০ হাজার টাকা পৌরসভার তহবিল থেকে উত্তোলন করে পৌর মেয়র মোল্লা আব্দুল জলিল এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন আত্মসাৎ করেন।" অপর মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, "মেয়র মোল্লা আব্দুল জলিল ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন ২০০৫ সালে মংলা পৌরসভার ময়লাবাহী ট্রাক মেরামতের জন্য এক লাখ ২৫ হাজার টাকা পৌরসভার তহবিল থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।" বিগত তত্ত্ববধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপ সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মংলা থানায় মামলা দুটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮৩২ ঘ.