২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘর্ষে পুলিশসহ দেড় শতাধিক আহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোহাম্মদপুর গ্রামে সোমবার সকালে দুদলের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত দেড় শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০টি দোকান, একটি বাড়ি ও কয়েকটি যানবাহন ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোহাম্মদপুর গ্রামে সোমবার সকালে দুদলের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত দেড় শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০টি দোকান, একটি বাড়ি ও কয়েকটি যানবাহন ভাঙচুর হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। পরে র‌্যাব, দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, রোববার রাতে আলফাডাঙ্গা থেকে কিছু লোক পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলায় পূজা দেখতে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সকাল ৮টার দিকে আলফাডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে জনপ্রতিনিধিরা দুপক্ষ নিয়ে বৈঠক বসেন। বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ইটপাটকেলে আহত পুলিশ ও সাংববাদিক হলেন- আলফাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওলাদ হোসেন, কনস্টেবল আসাদ শেখ, ফিরোজ কবীর, আব্দুল মান্নান, নজরুল ইসলাম ও আতাউর রহমান এবং বাংলাদেশ সময় পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি কামরুল শেখ। আহত বাকিদের মধ্যে সাতজনকে বোয়ালমারী এবং দুজনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। বিরোধ মীমাংসার জন্য দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপক্ষ বৈঠক করেছে। বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় একই স্থানে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, আজকের (সোমবার) বৈঠকে ফরিদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শফিকুর রেজা, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসা, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.