ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে পর্যটন শিল্পের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়ে থাকে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'ট্যুরিজম- সেলিব্রেটিং ডাইভারসিটি'।
দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিন বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের অবদানের কথা স্বীকার করে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এ শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক হারে এ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের ও সচিব হেদায়েতুল্লাহ আল মামুনও বাণী দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২২৫০ ঘ.
bdnews24