ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমী রোববার রাজধানীর বেঙ্গল গ্যালারিতে চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহমেদের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন।
'জয় বাংলা' শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে শাহাবুদ্দীন আহমেদের চিত্রকর্ম সম্পর্কে শাবানা আজমী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সাংবাদিকদের এই ভারতীয় অভিনেত্রী বলেন, "আমি অভিভূত...গভীর প্রতিক্রিয়া হওয়া ছাড়া তার চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব।"
শাহাবুদ্দীনের চিত্রকর্মে তিনি দৃঢ়তা ও শক্তির বিচ্ছুরণ দেখতে পান বলেও মন্তব্য করেন।
শাবানা বলেন, "এটি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি গভীরভাবে আলোড়িত।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "জয়নুল আবেদীনকে দুর্ভিক্ষের শিল্পী বলা হয়ে থাকে। তেমনি শাহাবুদ্দীন আহমেদকেও জয় বাংলার চিত্রশিল্পী বলা উচিত।"
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কস্রে।
এ প্রদর্শনীতে শিল্পী শাহাবুদ্দীন তার বেশ কিছু চিত্রকর্ম উপস্থাপন করেছেন যেগুলো শিল্পীর বিরতিহীন পরিশ্রম, দৃঢ়তা, শিল্পের প্রতি তার অটল আস্থা এবং নব শৈল্পিকতার বিকাশে শিল্পীর জীবনব্যাপী অনুসন্ধানের স্বাক্ষর বহন করে।
ঢাকার ফাইন আর্টস একাডেমীতে পড়ার সময় শিল্পী শাহাবুদ্দীন তার চিত্রে 'আলঙ্কারিকতা' ও 'বিমূর্ততার' সংমিশ্রণের মাধ্যমে বাংলাদেশের চারুশিল্পে এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেন।
বিগত তিন দশক ধরে, শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে তার চিত্রকর্মের প্রদর্শনী করে আসছেন। মূলত চিত্রকর্মে প্রাচ্য ও পাশ্চাত্যের অভূতপূর্ব সম্পৃক্ততা প্রদর্শনের কারণে শিল্পী শাহাবুদ্দীন ইউরোপের শিল্পরসিকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন। এই সৃজনশীলতার শ্রদ্ধাঞ্জলী স্বরূপ ১৯৯২ সালে 'অলিম্পিয়াড অফ আর্টস, বার্সেলোনা' শিল্পীকে '৫০ মাস্টার পেইন্টার অফ কন্টেম্পরারি আর্টস' উপাধিতে ভূষিত করে।
এ পর্যন্ত এই উপাধি শাহাবুদ্দীনসহ এশিয়ার ছয় জন শিল্পী লাভ করেছেন।
এই গুণী শিল্পী বাংলাদেশ বেতার প্রাঙ্গণে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনকারীদের মধ্যে একজন ছিলেন।
নয় বছর পর নিজ দেশে তার প্রদর্শনী শুরু হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24