রংপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে শনিবার গভীর রাতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও নেশা জাতীয় ইনজেকশনসহ কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাড ভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেন ও সুপারভাইজার সরল সরকারকে।
রংপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মেনহাজ উদ্দিন জানান, শহরের জাহাজ কোম্পানি এলাকা থেকে দিগন্ত কুরিয়ার সার্ভিসের ওই কাভার্ড ভ্যানটিতে তল্লাাশি চালিয়ে ভারতীয় ওষুধ ও নেশা জাতীয় ইনজেকশন আটক করা হয়।
ওষুধের মধ্যে রয়েছে, তিন লাখ ৬২ হাজার চারশ' প্যারাটন ট্যাবলেট, ৬১ হাজার অ্যানাডল অ্যানক্স ট্যাবলেট, এক লাখ ২০ হাজার সিজিট ট্যাবলেট, ১৮ হাজার সাতশ' এনচিপ্ট ট্যাবলেট ও ৬০ হাজার পিস সিটেন ট্যাবলেট এবং ৪৫টি নেশা জাতীয় ইনজেকশন লুজেশিক।
এ ব্যাপারে রংপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে এসআই মেনহাজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24