২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী দুজনকে ট্রাস্ট ব্যাংকের সংবর্ধনা

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী দুই ক্রীড়াবিদকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে ট্রাস্ট ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী দুই ক্রীড়াবিদকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে ট্রাস্ট ব্যাংক। রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে মোহাম্মদ মিজানুর রহমান ও রাসিউল ইসলাম নামের এ দু' ক্রীড়াবিদের প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন। এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল ইউ আহমেদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। গত ২২ আগস্ট পঞ্চম কোরিয়ান ওপেন তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের এ দু' ক্রীড়াবিদ স্বর্ণপদক লাভ করেন। কোরিয়ান ওপেনে বিশ্বের ৫৪টি দেশ অংশ নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল মুবীন বলেন, "আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আমাদের অর্জন খুবই সীমিত। এরপরও কোরিয়ান এ টুর্নামেন্টে দুটি স্বর্নপদক অর্জন আমাদের জন্য বিরল সম্মানের ব্যাপার। এর জন্য পুরো জাতিই গর্ব করতে পারে।" 'আমাদের মধ্যে যদি কমিটমেন্ট থাকে, তাহলে অনেক কিছুই অর্জন করা সম্ভব' বলে মন্তব্য করেন তিনি। ইকবাল ইউ আহমেদ বলেন, "ট্রাস্ট ব্যাংক তার প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ খেলায় পৃষ্ঠপোষকতা করে আসছে। "বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশে একদল তরুণ ক্রীড়াবিদ উপহার দেয়ার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক শুরু থেকেই অবদান রাখছে। এটি আজ এদেশে একটি জনপ্রিয় খেলা হয়েছে।" অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ খেলার ব্যাপারেও ট্রাস্ট ব্যাংক সহায়তা করবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি এহসানুল ফাত্তাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/১৮২৩ ঘ.