২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে মহানগর ছাত্রলীগের একাংশ

বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে শনিবার মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে মহানগর ছাত্রলীগের একাংশ। তারা সালাহ উদ্দিন কাদের চৌধুরীরও কুশপুত্তলিকা পোড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 07:51 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে শনিবার মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে মহানগর ছাত্রলীগের একাংশ। তারা সালাহ উদ্দিন কাদের চৌধুরীরও কুশপুত্তলিকা পোড়ায়। শনিবার বিকেলে প্রেসক্লাব চত্ত্বরে এ দু'জনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ঈদের পরদিন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের চশমা হিলের বাসায় দাওয়াত খান। তারা এক ঘন্টার বেশি সময় একান্ত বৈঠক করেন। এ নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। শনিবার বিকেলে নগরীর আন্দরকিল্লাহ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আজম নাছিরের অনুসারী মহানগর ছাত্রলীগের একাংশ প্রতিবাদ মিছিলটি বের করে। সেটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষুব্ধ কর্মীরা দু'জনের কুশপুত্তলিকা পোড়ায়। মহানগর ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক ডিউক, কমার্স কলেজের সাবেক ভিপি হাসান মুরাদ বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা দিদারুল আলম ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মহিউদ্দিন সোহেল। এদিকে সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ওই বৈঠককে একান্ত পারিবারিক বৈঠক বলে দাবি করেছেন মহিউদ্দিন চৌধুরী। শনিবার বিকেলে নগরীর চশমা হিলের বাসায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "রাজনীতি করতে গেলে অনেক বিষয় সামলাতে হয়।" তিনি বলেন, "সে (সালাহউদ্দিন কাদের চৌধুরী) আমার ভাইপো। তার বাবা ফজলুল কাদের চৌধুরী আমার চাচাতো ভাই। তাই এটি একান্ত পারিবারিক একটি বিষয়।" মেয়র আরও বলেন, "আত্মীয়তার কারণে সে আমার বাসায় দাওয়াত খেতে এসেছিল। এটাকে রাজনৈতিকভাবে দেখার কোন কারণ নেই। তার সঙ্গে আমি ছাড়াও পরিবারের অন্য সদস্যরা কথা বলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/০১৪৮ ঘ.