২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় প্রতিমন্ত্রীর সভামঞ্চ ভাংচুরের জন্য সাংসদকে দায়ী করলেন আ. লীগ নেতারা

পটুয়াখালীর গলাচিপায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সংবর্ধনা মঞ্চ ভাংচুর এবং তোড়ন পোড়ানোর জন্য সাংসদ গোলাম মাওলা রনিকে দায়ী করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সংবর্ধনা মঞ্চ ভাংচুর এবং তোড়ন পোড়ানোর জন্য সাংসদ গোলাম মাওলা রনিকে দায়ী করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। তবে আওয়ামী লীগ নেতাদের এ অভিযোগের প্রতিক্রিয়া জানতে সাংসদ রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পানিসম্পদ প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে তৈরি করা কয়েকটি তোরণ বৃহস্পতিবার রাতে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। পানপট্টি লঞ্চঘাটে তৈরি করা সংবর্ধনা মঞ্চও ভেঙে ফেলা হয়। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী গলাচিপায় যান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস করে কেউই রেহাই পাবে না। তিনি ভাংচুর কিংবা অগ্নিসংযোগের জন্য সরাসরি কাউকে প্রতিমন্ত্রী দায়ী না করলেও আওয়ামী লীগ নেতাদের অভিযোগের তীর স্থানীয় সাংসদ রনির দিকেই। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলাম মাওলা রনির অনুসারীরাই ওই কাণ্ড ঘটিয়েছে। সাংসদ রনি প্রতিমন্ত্রীকে পছন্দ করেন না। বিভিন্ন সময়ে প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালও করেছেন তিনি।" তিনি অভিযোগ করেন, বিএনপির অনেকে সাংসদ রনির ছত্রছায়ায় রয়েছেন। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গলাচিপা পৌরমেয়র হাজী ওয়াহাব খলিফা বলেন, "সাংসদ রনির শ্যালক মকবুল খানের নেতৃত্বে প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ পুড়িয়ে দেওয়া হয়। এটা অনেকে দেখেছে। আমরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করি তারা এই অপকর্ম সমর্থন করতে পারি না।" তিনি বলেন, "রনি আগে কখনও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল না। হঠাৎ করে নমিনেশন পেয়ে এমপি হয়ে সাংবাদিক নির্যাতনসহ অনেক ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।" পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিকনও একই অভিযোগ করেন। মঞ্চ ভাংচুর ও তোরণ পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" সাংসদ রনির বিরুদ্ধে সাংবাদিকদের হয়রানির অভিযোগ রয়েছে। প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেন লিপ্টন বলেন, সাংসদ রনি'র অনুসারীদের দায়ের করা চারটি মিথ্যা মামলার আসামি হয়ে আমি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাইমুন রহমান এলিট পালিয়ে বেড়াচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৫ ঘ.