শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক ইসলামী সংস্থার (ওআইসি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানগলুর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
ওআইসি মহাসচিব অর্থনৈতিক মন্দার মধ্যে বাংলাদেশের নতুন সরকারে শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্ব এবং জলবায়ু ও পরিবেশ আন্দোলনে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই বৈঠকের কথা জানান।
শেখ হাসিনা ওআইসি'র সহযোগিতা প্রত্যাশা করে বলেন, একা একটি দেশের পক্ষে কিছু করা সম্ভব নয়।
ওআইসি মহাসচিবও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিয়য়ে আলোচনা করেন।
শনিবার সকাল ১১টায় (নিউ ইয়র্ক সময়) জাতিসংঘের ৬৪তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২১২ ঘ.
bdnews24