নোয়াখালী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে শুক্রবার দুপুরে বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন-রহিমা আক্তার মিতু (৩০) ও তার ১১ মাসের শিশুপুত্র ওমর ফারুক। আহত অবস্থায় তার স্বামী মোহাম্মদ হানিফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানিফ সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের বাসিন্দা।
বেগমগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফ সপরিবারে মোটরসাইকেলে করে চাটখিল উপজেলার পাল্লা বাজারে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে দুপুর দেড়টার দিকে সোনাপুর থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার স্ত্রী রহিমা আক্তার মিতু ও শিশুপুত্র ওমর ফারুক মারা যায়।
এএসআই আমিরুল ইসলাম জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24