২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে জমি-জমা সংক্রান্ত সালিশের সময় দুই পক্ষের সংঘর্ষে আহত রাজশাহী সিআইডি পুলিশের কনস্টেবল মো. আলম (৩৬) শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে জমি-জমা সংক্রান্ত সালিশের সময় দুই পক্ষের সংঘর্ষে আহত রাজশাহী সিআইডি পুলিশের কনস্টেবল মো. আলম (৩৬) শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি মোড় এলাকার বাসিন্দা আলমের ভাই জিয়াউর রহমান এবং গড়ের মাঠ খানপাড়ার নিজাম উদ্দিনের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে সিএন্ডবি মোড়ে একটি সালিশ ডাকা হয়। শালিস চলাকালে সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। তিনি জানান, সংঘর্ষে আলম গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এসআই আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের ঘটনায় জিয়াউর রহমান বৃহস্পতিবার রাতেই থানায় মামলা করেছেন। পুলিশ ওই মামলায় গড়ের মাঠ খানপাড়ার নিজাম উদ্দিন, ওবায়দুল্লাহ ওরফে গামা, তার ছেলে খলিলুর রহমান ও খবির উদ্দিনকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের রাজশাহীর প্রধান বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে তিনি জানান। এসআই রাজ্জাক বলেন, "বৃহস্পতিবার দায়ের করা সংঘর্ষের মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯২৫ ঘ.