ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। কুড়িগ্রামে কমপক্ষে ৩৫ জন আহত হয়। এছাড়া দুই জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ'র নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় শুক্রবার সকালে একটি নসিমন খাদে পড়ে ঘটনাস্থলে পলাশ (২৫) নামের এক যুবক নিহত হন। তিনি দক্ষিণ নড়াইল গ্রামের গফফার মিয়ার ছেলে।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউল আযম জানান, শুক্রবার সকালে যশোর থেকে মুরগি নিয়ে একটি নসিমন ভ্যানে নড়াইল আসার পথে নড়াইল-যশোর সড়কের ওই এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে পলাশ ঘটনাস্থলেই নিহত হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে ডা. মশিউল জানান।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রৌমারী থেকে ঢাকাগামী একটি নাইট কোচ কুড়িগ্রাম জেলার রাজিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজন নিহত হন।
নিহতরা হলেন- রৌমারীর কড়াইকান্দি গ্রামের চাঁদ মিয়া (২৮) ও ভুলু মিয়া (১৯)।
আহতদের মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ২৮ জনকে রৌমারী ও রাজিবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, রৌমারী থেকে ঢাকাগামী নাইট কোচ (চট্ট মেট্রো-জ-২৫৭) রাজিবপুর উপজেলার গাড়হরি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন বগুড়ার সোনাতলার বাসিন্দা আব্দুল হান্নানের (৩৭) স্ত্রী জামেলা খাতুন (৩০) ও মেয়ে রেহেনাকে (৪) খুজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ কর্মকর্তা হরেশ্বর রায় জানান।
কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.
bdnews24