শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগ উৎসাহিত করতে সব ধরনের সরকারি সহায়তা দেবে।
নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড হায়াতের হল রুমে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ই-গভর্নেন্সের প্রসারে দেশে ইন্টারনেট সেবার ব্যয় আগামীতে ৭৫ শতাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশে বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন ঘটানো হচ্ছে।
এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
হাসিনা বলেন, পিপিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনে এর কাজের সঙ্গে বিনিয়োগ বোর্ডকেও সম্পৃক্ত করা হবে।
পিপিপির অধীনে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য একটি সমন্বয়কারী কর্তৃপক্ষ গঠনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, "ভৌগলিকভাবে বাংলাদেশ এখন একটি সম্ভাবনার নাম। তরুণ জনশক্তি আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে।"
এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে শস্তা শ্রমের কারণে বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারও বেশ বড়।
চলমান মন্দার প্রভাব অনেক উন্নত দেশকে সঙ্কটে ফেললেও বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব খুব একটা পড়েনি।
দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারার কথা তুলে ধরে বাংলাদেশের অর্থনীতিতেও গতিসঞ্চারের কথা বলেন তিনি।
দেশে ই-গভর্নেন্স চালুর কথা তুলে ধরে হাসিনা বলেন, "ইন্টারনেট খরচ ৭৫ শতাংশ কমিয়ে আনবে বাংলাদেশ।"
মানি ট্রান্সফারিং প্রতিষ্ঠান ট্রান্সফার্স্ট'র আর্থিক সহায়তায় ওই সেমিনারে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বক্তব্য রাখেন।
সেমিনারে জেপি মর্গান, বেয়ার স্টেয়ার্নস, সিটিব্যাংকসহ বিভিন্ন বিদেশি ও দেশি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। শনিবার তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন হাসিনা। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24