ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে আলাদা দু'টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দু'জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা দু'টার দিকে কালিহাতিতে এক যাত্রীবাহী বাসের চাপায় স্কুটার আরোহী তিনজন নিহত ও দুইজন আহত হয়।
নিহতরা হলেন,টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিবরামবাড়ী গ্রামের মৃত নওজেস আলী খানের ছেলে ছিদ্দিকুর রহমান খান (৪০), তার শ্যালিকা গোপালপুরের রামনগর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাহীনা (২৫) ও মধুপুরের টেকীপাড়া গ্রামের বাদশা খানের ছেলে শামসুর রহমান খান (৩২)।
কালিহাতী থানার এস আই এনামূল হক জানান, বেলা দুইটার দিকে বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার ইছাপুরে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্কুটার আরোহী এক মহিলাসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় টাঙ্গাইল থেকে তোরাপগঞ্জগামী যাত্রীবাহী বাস পৌর এলাকার সন্তোষে সাইকেল আরোহী আবদুল আজিজ (৭০) নামে এক ব্যক্তিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২০১৫ ঘ.
bdnews24