শিহাব উদ্দিন কিসলু
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বলয় গঠনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক।
এছাড়া অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার স্থানীয় সময় পাঁচটা এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হোটেল গ্রান্ড হায়াতে তার স্যুটে সাক্ষাতকালে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এ আশ্বাস দেন।
এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে বলেছেন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার জনগণের উন্নত জীবন মান নিশ্চিত করার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।
এ ছাড়া দারিদ্র্য বিমোচন করে একটি নিরাপত্তা বলয় সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি, জনগণকে সুলভে স্বাস্থ্য সেবা প্রদান এবং মানসম্মত শিক্ষার সুযোগ-সুবিধা দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা প্রণয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, গ্রীন হাউস গ্যাস নিঃসরনে তেমন কোন অবদান না রাখলেও দুঃখজনকভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুতর বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যাপক ড্রেজিং, ভূমি উদ্ধার, বাঁধ নির্মাণ ও উপকূলে বনায়ন করার পরিকল্পনা সম্পর্কে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টকে অবহিত করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের জবাবে রবার্ট জোয়েলিক বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের পরিবহন অবকাঠামো উন্নয়নের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার সমাজ থেকে দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে দেশের দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করেছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এএল/এসএইচ/২১১০ ঘ.
bdnews24