ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রথমদিন ষষ্ঠী পূজায় সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হয় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ। এরপর রাত ৮ টায় হয় দেবী দুর্গার বোধন ও অধিবাস।
শুক্রবার হবে সপ্তমী পূজা। এ দিন সকাল ১০টা থেকে ১০টা ৫৯ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং মহাসপ্তমী বিহিত পূজা আরম্ভ হবে। এ ছাড়াও এ দিন বিভিন্ন মন্দিরে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।
বৃহস্পতিবার প্রথম দিনের পূজা হলেও বিকেল থেকে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘিরে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।
ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, রামকৃষ্ণ মিশন, ভোলানন্দগিরি আশ্রম, বরদেশ্বরী কালিমন্দির, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, শাঁখারিবাজার, টিকাটুলির প্রণব মঠ, সিদ্ধেশ্বরী কালিবাড়ী, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, তাঁতিবাজার এলাকার পূজামন্ডপগুলোতে বিভিন্ন শ্রেণীর দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে।
এদিকে দুর্গাপুজার প্রথম দিনে রাজধানীর পূজামণ্ডপগুলোয় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও কার্যকরভাবে দায়িত্বপালনের নির্দেশ দেন।
মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগরী পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিকেল সাড়ে তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তারা পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। এরপর তাঁতীবাজার ও পুরনো ঢাকার কয়েকটি মণ্ডপ, রায়ের বাজার ও গাবতলী এলাকার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেন ও কিছু নির্দেশনা দেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর রাজধানীতে একশ' ৭২ টি মণ্ডপে পূজা হচ্ছে। এটা গত বছরের চেয়ে নয়টি বেশি।
এছাড়া, সারা দেশে এ বছর ২৩ হাজারেরও বেশি পূজামণ্ডপে দূর্গাপূজা হবে। সরকারি হিসাবে, গত বছর সারা দেশে ২২ হাজার আটশ' টি মণ্ডপে পূজা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএইচ/২০২৩ ঘ.
bdnews24