২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সময় দিতেই সরকারবিরোধী কোনও কর্মসূচি দেয়নি বিএনপি'

সময় দিতে চায় বলেই বিএনপি এখনও সরকারবিরোধী কোনও কর্মসূচি দেয়নি বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ নেতা সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী। বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার নেত্রী সরকারকে সময় দিতে চায়। সে জন্য নয় মাসে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেসব কর্মসূচি দলীয়ভাবে নেওয়া হয়েছে-তা কেবল সময়ক্ষেপনের কৌশল মাত্র। "এগুলো সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময় দিতে চায় বলেই বিএনপি এখনও সরকারবিরোধী কোনও কর্মসূচি দেয়নি বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ নেতা সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী। বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার নেত্রী সরকারকে সময় দিতে চায়। সে জন্য নয় মাসে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেসব কর্মসূচি দলীয়ভাবে নেওয়া হয়েছে-তা কেবল সময়ক্ষেপনের কৌশল মাত্র। "এগুলো সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নয়।" একই সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী দাবি করেন, তারেক রহমান বিএনপির 'গুরুত্বপূর্ণ সম্পদ'। দলের প্রয়োজনে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তবে তিনি দলের মধ্যে যাদের নিয়ে সমালোচনা কিংবা অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখার পরামর্শ দিয়ে বলেন, "যাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ, তাদের দলের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে।'' ধানমন্ডির নিজ বাসায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন প্রধানমন্ত্রীর কাছে বাকশাল অবসান ও রক্ষীবাহিনী বিলুপ্তির সুনির্দিষ্ট দিনক্ষণও জানতে চান। তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই- কবে বাকশালের অবসান হয়েছে, কবে রক্ষীবাহিনী বিলুপ্ত হয়েছিল। বাকশাল সমর্থন কিংবা বিরোধিতা আপনি (শেখ হাসিনা) করেন কিনা।'' আওয়ামী লীগ ও সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, "আসলে ক্ষমতায় কারা, শেখ হাসিনা না অন্য কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার সহানুভূতি রয়েছে।" "সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কী কী সমঝোতায় কারাগার থেকে তিনি বের হয়েছেন, আমার মনে এখনও সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন জাগে", বলেন তিনি। বর্তমান সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "আসলে এই সরকারের মেয়াদ দুই বছর নয় মাস। তত্ত্বাবধায়ক সরকার থেকে এই সরকারের মেয়াদ শুরু হয়েছে। "এ সময়ের মধ্যে তারা একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের টেন্ডার চূড়ান্ত করতে পারেনি। গ্যাস উত্তোলন, নৌ সীমানা নির্ধারণের দাবি কোনটিই করতে পারেনি সরকার।" সালাউদ্দিন আরও বলেন, "অথচ ক্ষমতায় বসে শেখ হাসিনা ভারতকে তুষ্ট করতে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। কিভাবে এশিয়ান হাইওয়ের নামে কলকাতা থেকে আগরতলায় যোগাযোগ স্থাপন করা যায়, সে কাজেই ব্যস্ত তিনি।'' লন্ডনে চিকিৎসাধীন তারেক সর্ম্পকে তিনি বলেন, "তারেক অসুস্থ। সপ্তাহে দুই দিন তাকে থেরাপি দিতে হচ্ছে। কারও টেলিফোনও তিনি ধরেন না। অথচ দলের একটি মহল যারা প্রবাসী হিসেবে পরিচিত তারা আবার তাকে নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছে। তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা মাঠে নেমেছে।" কারা এটা করছে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, "যারা ১/১১-এর পর সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, ব্যাংকক, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে ছিলেন, এখন নেত্রীর (খালেদা জিয়া) চারপাশে তাদের দেখা যায়।'' আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, "যিনিই ওই পদে বসেন তার রাশিটাই খারাপ মনে হচ্ছে। আমাদের সময়ে এক অর্বাচীন (প্রতিমন্ত্রী বাবর) ছিলেন।" "আওয়ামী লীগ পেয়েছে আরেক সাহারাকে। আইনশৃঙ্খলার কী অবস্থা তার সাফাই গাইলে হবে না, বাস্তব চিত্র তার উল্টো, বলেন তিনি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ভাই-বোনের সম্পর্কের কথা উল্লেখ করে সালাউদ্দিন বলেন, "শেখ মুজিব পরিবারের সঙ্গে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এখনো আছে, থাকবে। অনেকদিন ওই পরিবারে আমি ভাত খেয়েছি। ওই পরিবারের সদস্যরাও আমাদের বাড়িতে খেয়েছেন। তাই শেখ হাসিনার কোনও বিপদ আসলে আমি ঘরে বসে থাকতে পারব না।'' সংসদের অধিবেশন না যাওয়ার বিষয়টি উল্লেখ করে বিএনপি দলীয় এ সাংসদ বলেন, "এই সংসদে গিয়ে শেখ হাসিনাকে বিব্রত করতে চাই না বলে আমরা সংসদে যাচ্ছি না।" সালাউদ্দিন জানান, বিএনপি সরকারকে সময় দিতে চায় বলেই দলের তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক, আহবায়ক কমিটি গঠন ও সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, "আহবায়ক কমিটি হয়েছে। সেই কমিটিতে নাম যোগ-বিয়োগ নিয়েও ব্যবসায়িক লেন-দেনের অভিযোগ রয়েছে। "অনেক জায়গা আহবায়কদের হেলমেট পড়ে মোটর সাইকেল চালাতে হয়। সেখানে সদস্য সংগ্রহ অভিযান সফল হবে কিভাবে? হয়ও নি। তারপরও সব মিলে দলীয় এসব কর্মসূচি মোটামুটি সফল হয়েছে বলে আমি মনে করি।'' শারদীয়া দূর্গা পূজায় ছুটি বাড়াতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, "সিআর দত্ত সাহেব বলেছেন, সর্বজনীন পূজা। সাতদিন ছুটি লাগবে। দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএইচ/১৮১৬ ঘ.