২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। নিউ ইয়র্ক সময় সকাল ৯ টায় (বাংলাদেশ সময় রাত ৮ টা) উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 09:08 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। নিউ ইয়র্ক সময় সকাল ৯ টায় (বাংলাদেশ সময় রাত ৮ টা) উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ ও দারিদ্র্যের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে নিউ ইয়র্ক থেকে সাংবাদিক শিহাব উদ্দিন কিসলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে স্থানীয় সময় দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামা এই অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ সৈন্যসংখ্যার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখছে। ১০টি দেশের সরকার প্রধানের সঙ্গে ওবামার এই গুরুত্বপূর্ণ বৈঠক এক ঘন্টারও বেশি সময় ধরে চলে। পরে সন্ধ্যায় মিউজিয়াম অব মডার্ন আর্টসে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া এক নৈশভোজে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যান তিনি। ২৪ সেপ্টেম্বর নারী রাষ্ট্র ও সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। পরদিন ২৫ সেপ্টেম্বর শ্রীলংকার প্রধানমন্ত্রী, কমনওয়েলথের মহাসচিব, কেনিয়ার প্রধানমন্ত্রী এবং ওআইসির মহাসচিবের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মন্ত্রীপরিষদ সচিব এম আব্দুল আজিজ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংসদ নাসরুল হামিদ বিপু, কলামিস্ট মুস্তাফা নুরুল ইসলাম প্রমুখ। ওয়াশিংটন হয়ে ১ অক্টোবর সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০৩০০ঘ.