মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলবার রাতে আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
শিশু রুহিনা বাহাদুরগঞ্জ গ্রামের বাসিন্দা সাদেক মিয়ার মেয়ে।
সাদেক মিয়া অভিযোগ করেন, ওষুধ প্রয়োগে চিকিৎসকের খামখেয়ালীপনা ও অবহেলার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে।
শিশুটির চিকিৎসাদানকারী রাজনগর স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল আফিসার দুলাল চন্দ্র বণিক অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মতান্ত্রিকভাবে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পেশায় রিকশা চালক শিশুটির বাবা সাদেক মিয়া জানান, সোমবার তার মেয়ের পাতলা পায়খানা ও নিউমোনিয়া দেখা দেয়। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।
ভর্তির পর চিকিৎসক দুলাল চন্দ্র বণিক তার মেয়ের শরীরে তিনবারে তিনধরনের ইনজেকশন প্রয়োগ করেন। রাত পৌনে ১২ টার দিকে সর্বশেষ ইনজেকশন প্রয়োগের ঠিক পাঁচ মিনিটের মাথায় সে মারা যায়।
উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল আফিসার দুলাল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তির পর শিশুটিকে প্রথমে ইনজেকশন 'সেপটিঅ্যাকজন' ও 'ওরাডেক্সন' দুটিকে একত্রে মিশিয়ে পুশ করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে 'নেবোলাইজেশন অক্সিজেন' দেওয়া হয় এবং 'কটসন' ইনজেকশন পুশ করা হয়। এরপরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন-"স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার শুকদেব পালের সঙ্গে পরামর্শ করে শিশুটির যথাযথ ব্যবস্থাপত্র এবং সে অনুযায়ী চিকিৎসা দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৪ ঘ.
bdnews24