২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চরমপন্থীদের পোস্টার, আটক ৪৬

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) নামে বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় পোস্টারিং করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) নামে বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় পোস্টারিং করেছে। মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা বাজারের নান্নু মার্কেটে এবং মোল্লাহাট উপজেলার নিউটার মার্কেটে এসব পোস্টার সাঁটা হয়। বুধবার সকালে মার্কেটে পোস্টার দেখে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দুপুর থেকে পুলিশের ১২টি দল অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমান ও সাবেক তিন জনপ্রতিনিধিসহ ৪৬ জনকে আটক করেছে। বাগেরহাটের পুলিশ সুপার মিজানুর রহমান ওই এলাকা পরিদর্শন করেছেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময়ে চরমপন্থীরা সংগঠিত হয়ে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের নান্নু মার্কেটে এবং মোল্লাহাট উপজেলার নিউটার মার্কেটে নানা বিপ্লবী স্লোগান সংবলিত বেশ কিছু পোষ্টার সেঁটেছে। এ দুটি মার্কেট থেকে তিনটি পোস্টার জব্দ করা হয়েছে বলে তিনি জানান। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোস্টারে লাল অক্ষরে লেখা রয়েছে- "ক্রসফায়ারের নামে বিচার বর্হিভূত রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, চলমান গেরিলা যুদ্ধকে গণযুদ্ধে রূপ দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পথে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলুন। "কমরেড রাকেশ কামাল এবং ডা. মিজানুর রহমান টুটুলের শহীদ দিবসের আহবান- শহীদ কমরেডদের রক্তভেজা সশস্ত্র বিপ্লবী পতাকা আকড়ে ধরুন।" অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ফরিদুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মন্টু, সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম পপলু ও সদস্য আহম্মেদ আলী। তাদের ফকিরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.